নিজস্ব প্রতিবেদক : এভিয়েশন খাতের উন্নয়নে দেশে ‘এভিয়েশন বিশ্ববিদ্যালয়’ চালু করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ট্র্যাভেল ম্যাগাজিন ভ্রমণ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশন অ্যান্ড টুরিজম আয়োজিত ‘ভিজিট বাংলাদেশ ২০১৬: এভিয়েশন সেক্টরের ভূমিকা ও প্রভাব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এভিয়েশন খাতের উন্নয়নে সরকার এ খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পর্যটন খাতে বরাদ্দ বেড়েছে। ২০১৯ সালের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ সম্পন্ন হবে। তখন আমাদের বিমানবন্দর সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রফিকুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে ছিলেন সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সিভিল এভিয়শনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি, কম্পট্রোলার জেনারেল অব বাংলাদেশ মাসুদ হোসেন, মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বারের সাবেক সভাপতি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমডি সবুর খান।

