নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন রুটে বিআরটিসির ৪৫০টি ঈদ স্পেশাল সার্ভিস বাস চালু করা হবে। এ ছাড়া বিভিন্ন রুটে চলাচলকারী ৫৫০টি বাস চলাচলও অব্যাহত থাকবে।
শনিবার দুপুরে রাজধানীর জোয়ার সাহারা বাস ডিপোতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) যাত্রী সেবার মান উন্নয়ন এবং ঈদ স্পেশাল সার্ভিস পরিচালনার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেদিকে সবার নজর রাখতে হবে। কারণ ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করা বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মাচারীদের দায়িত্ব।
তিনি বলেন, ঈদের ১০ দিন আগে থেকে সড়কে খোঁড়া-খুঁড়ি বন্ধ থাকবে। দুর্ঘটনায় পতিত গাড়ি দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় সংখ্যক রেকার ও ক্রেন প্রস্তুত রাখা হবে। বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু ও গোমতি সেতুসহ সব গুরুত্বপূর্ণ সেতুর টোল বুথ ২৪ ঘণ্টা চালু রাখা হবে।
মন্ত্রী আরো বলেন, সড়ক ও মহাসড়ক বিভাগের ২৫টি মনিটরিং টিম পর্যবেক্ষণ করবে অব্যাহত। প্রতিটি সড়ক বিভাগে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য উপকরণসহ মোবাইল ট্রাক ইউনিট প্রস্তুত থাকবে। মহাসড়কের অবস্থা বর্তমানে ভালো থাকলেও সব জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের পরিস্থিতি সড়ক ও জনপথ অধিদপ্তরের অভ্যন্তরীণ মনিটরিং পদ্ধতিতে পর্যবেক্ষণে থাকবে।

