আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে অবস্থানরত বিমানবাহী রণতরি থেকে চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
সুয়েজ খাল দিয়ে ভূমধ্যসাগরে যাওয়ার পর মার্কিন রণতরি ইউএএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে আইএস লক্ষ্যবস্তুতে আঘাত হানতে যুদ্ধবিমান উড়ে যায়। ইরাক ও সিরিয়ায় এ হামলা চালানো হয়েছে। তবে ঠিক কোন জায়গায় আঘাত হানা হয়েছে এবং কতবার আঘাত হানা হয়েছে, এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
এর আগে ২০০৩ সালে সর্বশেষ ইরাক যুদ্ধের সময় বিমানবাহী রণতরি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার অবস্থানের কারণে বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সিরিয়ায় হামলা চালাতে তুরস্কের বিমানঘাঁটি ব্যবহার করতে হতো যুক্তরাষ্ট্রকে। তুরস্কের সহযোগিতা ছাড়াও যুক্তরাষ্ট্র যে সিরিয়ার ওপর হামলা চালাতে সক্ষম, এ হামলার মাধ্যমে আঙ্কারাকে সেই বার্তাই দিল ওয়াশিংটন।

