আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দেশ সফরে রওয়ানা হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিনে শনিবার তিনি যাচ্ছেন আফগানিস্তানের রাজধানী কাবুলে। এরপর একে একে কাতার, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সফর করবেন।
শনিবার আফগানিস্তান সফরের প্রথমদিনে তার প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে যৌথভাবে হিরাত প্রদেশে আফগান-ভারত ফ্রেন্ডশিপ বাঁধ উদ্বোধন করার কথা রয়েছে। এটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ওই অঞ্চলের ৭৫ হাজার হেক্টর জমিতে সেঁচ দেয়া সম্ভব হবে। এছাড়া এখান থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। হিরাত প্রদেশের চিস্ত ই শরিফ নদীর ওপর নির্মিত বাঁধটির প্রাথমিক নাম ছিল সালমা। ভারত এতে বিনিয়োগ করার পর এর নাম পাল্টে যায়।
কাবুল সফর শেষে মোদি যাবেন কাতারে। সফরকালে কাতারের আমীর শেখ তামিম ও তার বাবার সঙ্গে দেখা করবেন। এরপর তিনি একে একে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সফর করবেন। যুক্তরাষ্ট্র সফরের সময় আগামী মঙ্গলবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। এরপর দিন বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

