আন্তর্জাতিক ডেস্ক : অবিরাম বৃষ্টির কারণে গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বইছে সেইনের নদীর পানি। ফলে বন্যার ঝুঁকিতে পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস।
সেইন নদীর পানি বেড়ে যাওয়ায় প্যারিসের অনেক এলাকার মেট্রো চলাচল আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ৪০টির বেশি পার্ক ও পাবলিক প্লেস। এছাড়া বন্ধ হয়ে গেছে ল্যুভর ও অরসে মিউজিয়ামও। তবে মিউজিয়ামের নীচতলা আর মাটির তলাগুলোয় থাকা বহুমূল্য শিল্পকর্মগুলো বন্যার হাত থেকে বাঁচাতে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। সেইন নদীর পানি এখন ২০ ফুট (সাড়ে ৬ মিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বিবিসি জানিয়েছে। পানি বৃদ্ধির এই প্রবণতা এখনো বন্ধ হয়নি। নদীর আশপাশের অনেক এলাকায় পানি উপচে পড়তে শুরু করেছে। ১৯৮২ সালের পর সেইন নদীর পানিবৃদ্ধির এটিই সবচেয়ে বড় ঘটনা।
পানি প্রবাহের কারণে বেশ কয়েকটি সেতু বন্ধ করে দেয়া হয়েছে। নদীতে নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু প্যারিস নয়, ইতিমধ্যে ফ্রান্সের আরো বেশ কয়েকটি শহর বন্যায় আক্রান্ত হয়েছে।
ইউরোপ জুড়ে অতি বৃষ্টি আর বন্যায় এ পর্যন্ত মারা গেছে কমপক্ষে ১৫জন । বন্যায় আক্রান্ত হয়েছে জার্মানির দক্ষিণাঞ্চল, রোমানিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ড আর পোল্যান্ড। বন্যার কারণে কয়েক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছে।

