বিনোদন প্রতিবেদক : বালামের গানের সঙ্গে যেন জুলির কণ্ঠটা মিশে আছে শ্রোতাদের মনে। সম্পর্কটা তাদের ভাইবোনের। ২০০৮ সালে ‘বালাম ফিচারিং জুলি’ শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগায়। পরের বছরই প্রকাশিত হয় তাদের ‘স্বপ্নের পৃথিবী’।
তারপর দীর্ঘ বিরতি। প্রায় সাত বছর পর আবারও নতুন গান নিয়ে আসছেন তারা। এবার অবশ্য অ্যালবাম নয়, সিঙ্গেল গানে শোনা যাবে তাঁদের কণ্ঠ। ‘কত যে খুঁজেছি তোমায়’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে বালাম।
সম্প্রতি বালামের বসুন্ধরা আবাসিক এলাকার স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানটির ভিডিও হয়ে গেছে। ভিডিওটির শুটিং হয়েছে ইনডোরে। নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে বালাম ও জুলি দুজনেই মডেল হিসেবে রয়েছেন। তবে বালামের বিপরীতে দেখা যাবে তাসনুভা তিশা এবং জুলির বিপরীতে আশফাক রানা।
ঈদের আগেই ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। শোনো যাবে একাধিক অ্যাপসেও।
গানটি প্রসঙ্গে বালাম বলেন, ‘দীর্ঘদিন পর আবারও জুলির জন্য গান বানিয়েছি। গানটি গল্প নির্ভর। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। এক সময় সুযোগটি চলে আসে। তারপর একসঙ্গেই জীবনটা পার করে দেওয়ার অঙ্গীকার করেন তারা।’
জুলি বলেন, ‘এ গানটি আমার জন্য অনেক এক্সাইটিং। কারণ গানটি দিয়ে দীর্ঘদিন পর আবার ফিরছি। কাজটি করতে গিয়ে বেশ কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে। এবারই প্রথম আমার গানে কোনো মডেল কাজ করেছেন। ভিডিওতে একদম নতুন লুকে দেখা যাবে আমাকে। আশাকরি সবাই পছন্দ করবেন।’

