অর্থনৈতিক প্রতিবেদক : খেলাপি ঋণ আদায়ে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স মিটিংয়ে এ নির্দেশ দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী এবং সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সুত্র জানা গেছে, খেলাপি ঋণ আদায়ে দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নে্য়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া সোনালী ব্যাংকের আদলে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার বিপরীতে গৃহঋণ দেয়ার সুবিধা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাপারে তফসিলি ব্যাংকগুলো তা পরিপালনে সম্মতি জানিয়েছে।
বৈঠকে আলোচনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, আমরা সব ব্যাংককে এক্সপোজার নামিয়ে আনার জন্য পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত চারটি ব্যাংকের এক্সপোজার বেশি আছে। এর মধ্যে দুটি ব্যাংক আবেদন করেছে, দুটি করেনি। আমরা তাদের বলেছি যাতে আবেদন করে এক্সপোজার কমিয়ে আনে। নির্ধারিত সময় পার হয়ে গেলে কিন্তু কিছু করার থাকবে না।
তিনি জানান, বৈঠকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্টারনাল কমপ্লায়েন্সে অ্যান্ড কন্ট্রোল গাইডলাইন সম্পর্কে কিছু সুপারিশ তুলে ধরেছে। আমরা বলেছি এসব বিবেচনা করে দেখা হবে।
তিনি আরও জানান, ব্যাংকগুলো জানিয়েছে রিটেইল ব্যাংকিং, কনজুমার ব্যাংকিং ঋণ বিতরণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ঋণের মান উন্নয়নে গুরুত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

