নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা তোলার সময় সময় এক চীনা নাগরিককে আটক করা হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা চীনা এ নাগরিককে আটক করে। চীনা ওই নাগরিক হলেন হু জুওয়াং হুই।
বুধবার বেলা ১১টার দিকে ওই বুথ থেকে তোলা ৬৬ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। র্যাব-২-এর মেজর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ওই ব্যক্তি দু’টি ইন্টারন্যাশনাল ব্যাংকের কার্ড দিয়ে ১১ বার টাকা উত্তোলনের চেষ্টা করেন। এ সময় তিনি ৬৬ হাজার টাকা উত্তোলন করেন।
বিষয়টি বুথে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে র্যাব-২ এর সদস্যরা তাকে আটক করেন। বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত কার্ড দু’টির মধ্যে একটি কার্ড যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের। অপর কার্ডটি কোন ব্যাংকের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
র্যাব-২-এর মেজর আতাউর রহমান জানিয়েছেন, আটক চীনা ওই নাগরিক বুথ থেকে অবৈধভাবে ৬৬ হাজার টাকা উত্তোলন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সকালে টাকা তুলতে এসে চীনা নাগরিক অনেক সময় ধরে বুথের ভেতরে থাকার কারণে নিরাপত্তা কর্মী তাকে সন্দেহ করেন। পরবর্তীতে বুথের নিরাপত্তা কর্মীরা তার কাছে কার্ড চাইলে চীনা নাগরিক কার্ড দিতে আপত্তি জানান।
তৎক্ষণাৎ বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানায় নিরাপত্তাকর্মী। এর আগেও তিনি নানা উপায়ে টাকা তোলার চেষ্টা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে।

