আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার পৃথক তিনটি বোমা হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৭ জন। আহত হয়েছেন আরো ১৪০ জনের বেশি মানুষ। এদের একটি মাত্র হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সংক্ষেপে আইএস।
পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার সবশেষ ও ভয়াবহ হামলাটি হয়েছে বাগদাদের উত্তরাঞ্চলীয় আল শাব জেলায়। সদর সিটির নিকটবর্তী ওই এলাকয় এক আত্মঘাতী হামলায় ৪১ জন নিহত এবং আরো ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএস এ হামলার দায় শিকার করেছে।
মঙ্গলবার শিয়া অধ্যুষিত সদর সিটিতে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন আরো ৩০ জন। এ হামলায় আহতের সংখ্যা ৫৭। এছাড়া বাগদাদের দক্ষিণে অবস্থিত আল রাশেদ এলাকয় অন্য এক গাড়িবোমা হামলায় প্রাণ হারিয়েছেন আরো ছয়জন। এখানে আহতের সংখ্যা ২১।
এসব হামলার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন শক্তিশালী শিয়া নেতা মোক্তাদা আল সদর। হামলার পর তিনি সদর সিটিসহ শিয়া অধ্যুষিত ছয়টি এলাকায় নিজের অনুগত শত শত মিলিশিয়া মোতায়েন করেছেন।
এদিকে এসব হামলার ঘটনায় আল সাব এলাকার নিরাপত্তা প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
এর আগে গত সপ্তাহে বাগদাদে আইএসের হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। সম্প্রতি ইরাকি পার্লামেন্টে শিয়া নেতা মোক্তাদা আল সদরের সমর্থকরা বিক্ষোভ করার পর বাগদাদে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।

