আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্রিশগড় রাজ্যের কুদমোরা বনাঞ্চলে বুনো হাতির হামলায় মারা গেছেন ৫৫ বছরের এক ব্যক্তি। এ নিয়ে গত পাঁচ দিনে ওই এলাকায় হাতির হামলায় মোট পাঁচজন প্রাণ হারালো।
সোমবার সকালে বলদেব রাথিয়ার মৃতদেহ কোরবা ফরেস্ট ডিভিশনের চিরা গ্রামের কাছ থেকে উদ্ধার করা হয়। এর আগের দিন বিড়ির পাতা সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরিবারেরর লোকজন খুঁজতে খুঁজতে সোমবার সকালে জঙ্গলের মধ্যে তার মৃতদেহ দেখতে পায়। এ ঘটনায় মৃতের পরিবারকে ২৫ হাজার রুপি সাহায্য দিয়েছে ডিভিশনাল বন কর্মকর্তা। তবে বলদেব যে হাতির আক্রমণে মারা গেছে কর্তৃপক্ষে কাছে এ সংক্রান্ত প্রমাণাদি উত্থাপন করতে পারলে ক্ষতিপূরণ হিসেবে সরকারের কাছ থেকে আরো পৌণে চার লাখ রুপি পাবে তার পরিবার।
ছত্রিশগড়ের সুরগুজা, কোরবা, রাইগড়, জাসপুর ও কোরিয়া জেলাগুলোতে প্রায়ই বুনো হাতির হামলার ঘটনা ঘটে থাকে। ওই অঞ্চলে হাতির হামলায় লোকজনের শষ্যাদি ও ঘরবাড়ি ধ্বংস হওয়া নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

