আন্তর্জাতিক ডেস্ক : এ বছর আন্তর্জাতিক সাহিত্যের সম্মানজনক পুরস্কার ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছেন কোরিয়ান লেখক হান কাং। কোরিয়ান ভাষায় লেখা নিজের প্রথম উপন্যাস দা ভেজেটারিয়ান-এর জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। এ বাবদ তিনি ৫০ হাজার পাউন্ড পাবেন। তবে এটি তার উপন্যাসের ব্রিটিশ অনুবাদক ডেবোরাহ স্মিথের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে।
দা ভেজিটারিয়ান উপন্যাসের কাহিনী গড়ে ওঠেছে এক নারীকে কেন্দ্র করে যিনি একসময় মানুষের বর্বরতার প্রতিবাদে মাংস খাওয়া বর্জন করেন। ধীরে ধীরে ওই নারী নিজেকেই বৃক্ষ হিসেবেও কল্পনা করতে শুরু করেন। বুকার পুরস্কার কমিটির চেয়্যারম্যান বয়েড থনকিন হান কাংয়ের সাহিত্য সম্পর্কে বলেছেন, তার কাজ অবিস্মরণীয় শক্তিশালী এবং মৌলিক। তিনি এ বইয়ের অনুবাদ কাজেরও প্রশংসা করেছেন।
বুকার পুরস্কারের জন্য এবার যেসব সাহিত্যিক মনোনীত হয়েছিলেন তারা হচ্ছেন: তুরস্কের ওরহান পামুক, ইতালির এলেনা ফেরেনেট, অ্যাঙ্গোলার ওয়ার্ডসস্মিথ জোসে এদুয়ার্দো আগুয়ালুসা, চীনের ইয়ান লিয়াঙ্ক ও অস্ট্রেলিয়ার উপন্যাসিক রবার্ট স্মিথালার। তবে এসব বাঘা বাঘা লেখককে হটিয়ে দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন কোরিয়ান উপন্যাসিক হান কাং। এটিই তার প্রথম উপন্যাস। নিজের লেখা একটি ছোট গল্প নিয়ে তিনি উপন্যাস তৈরি করেছেন। তার দ্বিতীয় উপন্যাস হিউম্যান অ্যাক্টস মাত্রই প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, এবারই প্রথম বিদেশি ভাষায় লেখা কোনো অনুদিত বই বুকার পুরস্কার জিতল।

