আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার হুগলি নদীতে শনিবার নৌকা উল্টে যাবার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৫ জন নারী। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে পাঁচজন। শনিবার রাতে বর্ধমানের কালনা ঘাট থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি। গন্তব্য ছিল নদীয়া জেলার শান্তপুর এলাকা।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধারকাজে বিলম্ব হওয়ার প্রতিবাদে দাঙ্গায় লিপ্ত হয়েছে বিক্ষুব্ধরা। রোববার পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জি নিউজ।
শনিবার রাতে যাত্রী বোঝাই নৌকাটি হুগলি নদীতে ডুবে যায়। এতে প্রাথমিকভাবে ২০ জন নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। পরে বর্ধমান পুলিশ জানায়, ওই দুর্ঘটনায় পাঁচজন নিখোঁজ হয়েছেন। তবে নিখোঁজের সংখ্যা ৫০ বলে দাবি করেছেন স্থানীয়ররা।
স্থানীয় এক বাসিন্দা জি নিউজ-কে জানিয়েছে, ‘দুর্ঘটনার সময় নৌকাটিতে শিশুসহ শতাধিক যাত্রী ছিল। শনিবার রাত ১১টার দিকে এটি হুগলি নদীতে ডুবে যায়। কিন্তু পুলিশ এসেছে আজ (রোববার) সকালে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে।’ তবে পুলিশ কর্মকর্তা গৌরব শর্মা জানিয়েছেন উদ্ধার অভিযান এখনো চলছে।
এদিকে উদ্ধার কাজে দেরি হওয়ায় রোববার বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা উদ্ধারকারীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে এবং কয়েকটি নৌকায় আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুঁড়েছে পুলিশ।

