আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শনিবার এক বাস দুর্ঘটনায় আটজন নিহত এবং আরো ৪৪ জন আহত হয়েছেন। শনিবার রাজ্যের লারেডো এলাকার কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
বাসটি রাজ্যের দক্ষিণ প্রান্তের রিও গ্রান্ড ভ্যালি থেকে যাত্রা শুরু করেছিল। এটিটি মেক্সিকো সীমান্তের কাছ দিয়ে ঈগল পাস শহরের একটি ক্যাসিনো হোটেলে যাচ্ছিল। এসময় বাসটিতে মোট ৫১ জন যাত্রী ছিল। কিন্তু লারেডো থেকে ৩৫ মাইল উত্তরে এসে অকস্মাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ ছাড়াই এটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন টেক্সাসের গভর্নর গ্রে অ্যাবোট।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শনিবার সকাল থেকেই টেক্সাসের ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল এবং সড়কটি ভেজা ছিল। তবে বৃষ্টির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

