আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তায়েপ এরদোয়ানের মেয়ের বিয়ে হয়ে গেল শনিবার। এ উপলক্ষে রাজধানী ইস্তাম্বুলের ইয়াহইয়া কামল বাইয়াতলি পারফর্মিং আর্ট সেন্টারে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিরাপত্তার চাদরে মোড়ানো ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের কন্যা সুমাইয়ার সঙ্গে প্রতিরক্ষা শিল্পপতি সেলচুক বাইরাকতারের বিয়ে হয়। ওই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল, পার্লামেন্ট স্পিকার ইসমাইল কারামান, আর্মির চিফ অব স্টাফ জেনারেল হুলুসি আকার এবং মন্ত্রিসভার বিভিন্ন সদস্য, এমপি ও রাষ্ট্রদূতসহ দেশের আরো অনেক গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। সবমিলিয়ে ৬ হাজারের মত মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা।
তুর্কি সংবাদ মাধ্যমে প্রেসিডেন্ট কন্যার বিয়ের একাধিক ছবি প্রকাশিত হয়েছে। একটিতে দেখা যায়, ৩০ বছর বয়সী সুমাইয়াকে মাথায় স্কার্ফ পরে বিয়ের গাড়িতে বসে আছেন। আরো একটি ছবিতে বাবা ও স্বজনদের সঙ্গে বর-বধূকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ বিয়েতে সাক্ষী হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল, বিদায়ী প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এবং ইস্তাম্বুলের মেয়র কাদির তোপবাস।
এরদোগান ও তার স্ত্রী এমিনের চার সন্তান। দুই ছেলে বোরাক ও বিলাল এবং দুই মেয়ে এসরাহ ও সুমাইয়া। সুমাইয়া যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি তিনি লন্ডনের স্কুল অব ইকিনমি স্কুল থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

