বিনোদন প্রতিবেদক : নাটকের দল বটতলার পঞ্চম প্রযোজনা ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’। আফ্রিকার মুহাম্মদ বেন আবদাল্লার লেখা নিরীক্ষাধর্মী নাটকটির অনুবাদ করেছেন সৌম্য সরকার, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। আজ ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির ১৭তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একটি পরিকল্পিত বিপ্লবের মধ্য দিয়ে ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’র গল্পের শুরু। মালওয়াল নামের একজন যুবকের নেতৃত্বে মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নব বিপ্লবীরা। কথা ছিল, রক্তপাত ছাড়াই এ বিপ্লব ঘটানো হবে। কিন্তু তখন মাল্লামের স্ত্রী নিহত হয়। বিপ্লবীরা মাল্লামকে নিয়ে গোপন স্থানে চলে যায়। মাল্লামকে বিচারের মুখোমুখি দাঁড় করায় মালওয়াল। শুরু হয় নাটকের মধ্যে নাটক—কয়েক স্তরের নাটক।
এতে অভিনয় করছেন পঙ্কজ মজুমদার, তৌফিক হাসান, সামিনা লুৎফা, কাজী রোক্সানা পারভীন রুমা, শেউতি শাহাগুফতা, মিজানুর রহমান, আব্দুল কাদের, ইমরান খান মুন্না, বাকের আহমেদ, শামিমা শওকত লাভলী, ইভান রিয়াজ, অনিন্দিতা বিশ্বাস দোলা, আব্দুর রহিম, নাফিজ বিন্দু, মহিবুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

