স্পোর্টস ডেস্ক : ইডেন গার্ডেনে শনিবার রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের টার্গেট ছিল ৯ ওভারে ৬৬ রান। প্রথম ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে বোলিং এনে চমক দেখান পুনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এই ওভারেই কেকেআরের দুই ওপেনার গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পাকে সাজঘরে ফেরান অশ্বিন। তখন হয়তো জয়ের স্বপ্ন দেখছিলেন ধোনি। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দিলেন না কেকেআরের হিটার ইউসুফ পাঠান।
মাত্র ১৮ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে কেকেআরকে জিতিয়ে মাঠ ছাড়েন ইউসুফ। দুর্দান্ত এই ব্যাটিংয়ের কল্যাণে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। মৌসুমের শেষ দিকে হঠাৎ জ্বলে উঠলেন ইউসুফ! শনিবার পুনের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলার রহস্য জানালেন তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউসুফ পাঠান বলেন, ‘ব্যাটে বল ভালো আসছিল, এমনকি কঠিন সময়েও। এভাবে ব্যাট করতে পারায় অবশ্যই ভালো লাগছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভালো ব্যাট করার পর থেকেই আত্মবিশ্বাস বেড়ে গেছে। আশা করছি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। আমি স্বাধীনভাবেই খেলার চেষ্টা করি।’

