স্পোর্টস ডেস্ক : শনিবার রাতটি দারুণ কেটেছে বার্সেলোনার। মৌসুমের শেষ ম্যাচে গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জিতল কাতালানরা। বার্সা শিবির এখন দারুণ রোমাঞ্চিত।
মৌসুমের ৩৮টি ম্যাচে সাবধানে পা ফেলতে হয়েছে তাদের। মেসি-নেইমার-সুয়ারেজদের দারুণ বোঝাপড়ার ফসল এটি। শিরোপা জিতে খুশি দলটির কোচ লুইস এনরিক। এবারের লা লিগার শিরোপা তিনি উৎসর্গ করলেন বার্সা ভক্তদের।
বিপদের সময়ে যারা বার্সাকে সমর্থন জুগিয়েছেন, তাদের ভোলেননি এনরিক। শিরোপা জয়ে কৃতিত্ব ওই ভক্তদেরও দিলেন বার্সা বস। বলেন, ‘আমি ওই সব বার্সা সমর্থকদের স্মরণ করতে চাই, যারা আমাদের কঠিন সময়ে পাশে ছিলেন। আমি তাদের শিরোপা উৎসর্গ করতে পেরে খুবই খুশি।’
এখন বার্সা কোচ এনরিকের টার্গেট কোপা দেল রের শিরোপা। সেই ট্রফি উদযাপন করার জন্য ভক্তদের প্রস্তুত থাকতে বললেন এনরিক, ‘এটা আসলে দলের সমষ্টিগত প্রচেষ্টার ফসল। আমরা কঠিন সময়ে ভেঙে পড়িনি। মোকাবিলা করেছি দারুণভাবে। বার্সার সমর্থক, কর্মকর্তা, খেলোয়াড়সহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আগামী রোববার আরেকটি (কোপা দেল রে) শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে চেষ্টা করব।’

