বিনোদন ডেস্ক : বলিউডের এই সময়ের দাপুটে অভিনেতা ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর শুধুমাত্র বলিউড থেকে তার কাছেই হিন্দি ভাষা শিখতে আগ্রহী ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন।
সম্প্রতি লোনলি প্ল্যানেট ম্যাগাজিনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন অ্যামি জ্যাকসন। আর সেখানেই তার কাছে জানতে চাওয়া হয় যে, লোনলি প্ল্যানেটে তিনি এই মুহূর্তে কাকে নিয়ে যেতে ইচ্ছুক? এমন প্রশ্নে অ্যামি বলেন, নওয়াজউদ্দিনকে চাই। কারণ তাকে নিলে এই মুহূর্তে আমি দ্রুত হিন্দি ভাষাটা আয়ত্ব করতে পারবো।
অন্যদিকে অভিনেতা নওয়াজের সঙ্গে সদ্য শেষ করেছেন বলিউডের আসন্ন সিনেমা ‘আলি’। যে ছবিতে নওয়াজের বিপরীতে প্রথমবার দেখা যাবে অ্যামি জ্যাকসনকে। রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবিটি পরিচালনা করেছেন সুপারস্টার অভিনেতা সালমান খানের ছোট ভাই সোহেল খান।
ভারতে প্রতিষ্ঠা পাওয়ার আশায় বলিউডের ‘সিং ইজ ব্লিং’ খ্যাত তারকা অভিনেত্রী লোনলি প্ল্যানেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার আসন্ন সিনেমা ‘আলি’ ছাড়াও কথা বলেছেন বলিউডে তার আরেক সিনেমা ‘রোবট ২’ নিয়ে। যেখানে তিনি অভিনয় করবেন তুমল জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ও অক্ষয় কুমারের বিপরীতে।
প্রসঙ্গত, বুধবার রাত থেকে শুরু হতে যাওয়া বিশ্বের জৌলুসময় ও সুপ্রাচীন কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে যোগ দেয়ার কথা রয়েছে ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসনের। যে গৌরবময় চলচ্চিত্র উৎসবে প্রথমবার যোগ দিয়ে বিশ্বের সিনেমা সংশ্লিষ্ট মানুষদের বলিউডের গল্প শোনাবেন তিনি। আর অন্যদিকে নিজের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘রামন রাঘব’ নিয়ে কানের পথে নওয়াজউদ্দিন সিদ্দিকী। অনুরাগ কাশ্যপের পরিচালনায় এই ছবিটি ভারতে মুক্তি পাবে আসছে ২৭ মে।

