স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করেন না সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুক্রবার এক অনুষ্ঠানে নিজেকে ছোট করে দেখলেন দ্য ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট।
আইসিসি-র চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য গত মঙ্গলবার বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছেড়েছেন শশাঙ্ক মনোহর। ফলে কে তার জায়গা নেবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলেছে ভারতের ক্রিকেট অঙ্গনে। বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে সৌরভকেও মনোহরের উত্তরসূরি ভাবা হয়েছিল।
তবে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি গাঙ্গুলি। কারণ প্রেসিডেন্ট হতে অন্তত বোর্ডের তিনটি এজিএম-এ যোগ দিতে হয়। কিন্তু তিনি সেটি করতে পারেননি।
শুক্রবার সৌরভ বলেন, ‘মনে হয় না, বোর্ড প্রেসিডেন্টের হওয়ার জন্য যে যোগ্যতা দরকার তা আমার রয়েছে। কারণ ৬-৭ মাস হল আমি সিএবি প্রেসিডেন্ট হয়েছি৷’
জাগমোহন ডালমিয়ার মৃত্যুর পর গত ১৫ অক্টোবর সিএবি প্রেসিডেন্টের চেয়ারে বসেন সৌরভ। তার পর থেকে সিএবি-র প্রতিনিধি হিসেবে বোর্ডে পা-রাখলেও তিনটি বার্ষিক সাধারণ সভায় যোগ না দেওয়ার প্রেসিডেন্টের দৌড়ে থাকতে পারছেন না তিনি।
মনোহরের উত্তরসূরি কে হতে পারেন-এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘এটা বলা মুশকিল। বোর্ডে অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন। তাদের মধ্যে কেউ এই দায়িত্ব নিতে পারেন। তবে, আমি এই ব্যাপার নিয়ে কিছু ভাবছি না।’

