স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন সাকিব আল হাসান। এর জন্য চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত একাদশে ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফর্ম ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। অবশেষে ব্যাটে রান আসল সাকিবের।
গত রোববার গুজরাট লায়ন্সের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব। পাঁচ নাম্বারে নেমে ফিফটি আদায় করে নিয়েছেন। ৪৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। এতে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে সাকিবের।
বিশ্বসেরা অলরাউন্ডার মিডিয়াকে বলেন, ‘রান করলে তো সবারই আত্মবিশ্বাস বাড়ে। তবে আত্মবিশ্বাসে আমার কখনোই সমস্যা ছিল না। আসলে অনেক সময় আত্মবিশ্বাস থাকলেও কিছু জিনিস ঠিকঠাক মতো হয় না। সেগুলো ঠিক করতে কঠোর পরিশ্রম করতে হয়। আবার অনেক সময় আত্মবিশ্বাস বাড়াতেও কাজ করতে হয়। সবই পরিস্থিতির ওপর নির্ভর করে।’
সাকিব জানালেন কেকেআরে নাকি তার প্রতিযোগিতা বেশি। যে কারণে পারফর্ম করার চাপটাও একটু বেশি। বিশ্বসেরা অলরাউন্ডারের ভাষায়, ‘আগের বছরগুলোতে প্রতি ম্যাচেই উইকেট পেয়েছি। এবার তা পাচ্ছি না। ব্যাটিংয়ে তো অবশ্যই খুশি নই। তিনটি ম্যাচে সুযোগ পেয়েছিলাম। সুযোগ পেয়েও ভালো করতে না পারলে তো সেটা সমস্যাই। ভালো না খেললে কারোরই ভালো লাগে না। আর আমার জন্য এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি। তাই পারফর্ম করার চাপ তো থাকেই।’
ফর্ম ফিরে পেতে ‘গুরু’ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে টিপস নেয়ার জন্য ঢাকায় আসতেন সাকিব। অবশেষে গুরুর দীক্ষা কাজে লেগেছে। রানে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার! আসলে ব্যাপারটা কি তা-ই? সাকিব বললেন, ‘দেখবেন সেদিনও প্রথমে অত ভালো ব্যাটিং করিনি। ধরুন যদি রান না করতাম, তখন মনে হতো এটা কাজে আসেনি। যেহেতু রান করেছি, বলতে হবে কাজে লেগেছে। সত্যি বলতে কি ব্যাপারটা পুরোই মানসিক।’

