বিনোদন প্রতিবেদক : একটি মধ্যবিত্ত পরিবারের দুই ভাই বোনের গল্প। তাদের বাবা নেই, মা হলেন এই পরিবারের একমাত্র কর্তা। মা একদিন সিদ্ধান্ত নিলেন ছেলেকে বোর্ডিং স্কুলে দিবেন। তাতে ছোট ভাই খুশি হলেও বড় বোন বিষয়টা মানতে নারাজ। কারন সে ছোট ভাইকে ছেড়ে একদিনও থাকতে পারবেনা। বোর্ডিং স্কুলে যাওয়ার আগেরদিন দুই ভাই-বোন বৃষ্টিতে ভিজে, আনন্দ-উল্লাস করে। ছোট ভাইয়ের বিভিন্ন আবদার সে পূরণ করে। বোন, ছোট ভাইকে গোসল করাতে থাকে এমন সময় মার ডাকে তাড়াহুড়া করতে গিয়ে দুঃখজনক ভাবে দুর্ঘটনার শিকার হন বড় বোন।
এমন গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দিদি’ (‘দ্যা সিস্টার’) প্রদর্শিত হতে যাচ্ছে ইউরোপের আন্তর্জাতিক উৎসবে। রোমানিয়ায় ‘টুয়েলভ মান্থস ফিল্ম ফেস্টিভ্যাল’ এর এই মাসের আয়োজনে ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে। শামসুল ইসলাম স্বপন নির্মিত এ চলচ্চিত্রটি ইতিমধ্যেই ৬টি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।
সাদাকালো এই সিনেমাটি নির্মিত হয় ২০১৪ সালে। চলচ্চিত্রটিতে অভিনয় করেন ফাহমি প্রীতি ও এ্যানি। নির্মাতা স্বপন জানান, তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ইতিমধ্যেই চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রের জন্য ৩৮জন অভিনয়শিল্পী চুড়ান্ত করেছেন তিনি। তবে প্রধান দু’টি চরিত্র এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে, লোকেশন বাছাই চলছে। আসছে ঈদের পর থেকেই চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে।

