স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিদেশি লিগ হিসেবে আইপিএলে খেলতে যান মুস্তাফিজুর রহমান। ঢাকার ছাড়ার পরই তাকে নিয়ে কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জানান, সানরাইজার্স হায়দরাবাদের সব ম্যাচ খেলার সুযোগ পেলে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হবেন মুস্তাফিজুর রহমান। সম্ভাবত সে কথাই সত্যি হতে চলেছে।
ভারতের জমজমাট আসরটিতে রীতিমতো আলো ছড়িয়ে হায়দরাবাদের নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। কোনো অঘটন না ঘটলে হয়তো শেষ পর্যন্ত হায়দরাবাদের সেরা এগারোতে থাকবেন তিনি। এ পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট পকেটে পুরেছেন বাংলাদেশের কাটার বয়।
যদিও সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মুস্তাফিজের অবস্থান পঞ্চম। তবে এক উইকেট বেশি নিয়ে শীর্ষে রয়েছেন আন্দ্রে রাসেল। শেন ওয়াটসন, ভুবনেশ্বর কুমার, ম্যাকক্লেনেঘান ১৪টি করে উইকেট নিয়ে রয়েছেন যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে।
এভাবে খেলে যেতে পারলে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে বেগুনী টুপি মাথায় উঠছে মুস্তাফিজের। ভারতীয় মিডিয়ার দাবি এমনই। এ ছাড়া আইপিএল নাইনে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কমলা টুপি উঠতে পারে বিরাট কোহলির মাথায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ৯ ম্যাচে দুটি সেঞ্চুরির সাহায্যে করেছেন ৫৬১ রান।
ডেভিড ওয়ার্নার রয়েছেন ঠিক পরের স্থানে। হায়দরাবাদের অধিনায়ক করেছেন ৪৭৯ রান। এর পরের অবস্থানগুলো যথাক্রমে পুনের আজিঙ্কা রাহানে (৪১৭), কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর (৩৯৮) ও মুম্বাইয়ের রোহিত শর্মার (৩৮৮) দখলে।

