স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ ওয়েস্ট হামের মাঠে খেলতে নামার আগেই সমস্যায় পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। আসার পথে স্বাগতিক সমর্থকরা হামলা করে বসে রুনিদের বাসে। পুলিশি নিরাপত্তায় শেষ পর্যন্ত মাঠে পৌঁছাতে সক্ষম হন তারা। এর জন্য অবশ্য ৪৫ মিনিট দেরিতে মাঠে গড়ায় ম্যাচটি। ওয়েস্ট হামের ঘরের মাঠও পরিবর্তন হয়ে যায়! লন্ডনে অবস্থিত উপটন পার্কের বোলেইন গ্রাউন্ডের বদলে আগামী মৌসুম থেকে অলিম্পিক স্টেডিয়াম হবে ওয়েস্ট হ্যামের ঘরের মাঠ।
দেরিতে মাঠে গড়ানো ম্যাচটিতে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হলো ম্যানইউর। তুমুল লড়াইয়ের পর স্বাগতিক ওয়েস্ট হামের কাছে ৩-২ গোলের ব্যবধানে পরাস্ত হয় লুইস ফন গালের দল। এমন ফলে চ্যাম্পিয়নস লিগে খেলার সমীকরণটা কঠিন করে ফেলেছে ম্যানইউ।
বলতে গেলে স্বপ্নটা ফিকেই হয়ে গেছে ম্যানইউর! চ্যাম্পিয়নস লিগের টিকিট পেতে হলে শেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে জিততেই ম্যানইউকে। অপরদিকে সোয়ানসি সিটির কাছে হারতে হবে ম্যানচেস্টার সিটিকে। ৩৭ রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তালিকায় ম্যানইউর অবস্থান পঞ্চম। চতুর্থ স্থান অধিকারী ম্যানসিটির সঞ্চয় ৬৫।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাত্র ১০ মিনিটে সাকোর গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। দ্বিতীয়ার্ধে এসে গোলটি শোধ দেয় ম্যানইউ। ৫১ মিনিটে ওয়েস্ট হামের জাল কাঁপান অ্যান্টোনি মার্শাল। এরপর ৭২ মিনিটে তার গোলে লিডও পেয়েছিল ম্যানইউ। পরক্ষণেই খেই হারিয়ে ফেলেন রুনিরা। ৭৬ মিনিটে ওয়েস্ট হামকে সমতায় ফেরান মিখাইল অ্যান্টোনিও। আর ৮০ মিনিটে উইন্সটন রেইডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

