বিনোদন প্রতিবেদক : অবশেষে প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত ‘জানালার গ্লাস’ গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও। শাহান কবন্ধের কথায় ইমরান কবির হিমেলের পরিচালনায় গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন বাপ্পা মজুমদার। সঙ্গে ছিলেন অভিনেত্রী ও মডেল প্রসূন আজাদ। ৪ মিনিট ৫৫ সেকেন্ড ব্যাপ্তির এই মিউজিক ভিডিওতে সংসার জীবনের গল্প তুলে ধরা হয়েছে।
সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হয় ‘জানালার গ্লাস’ গানটির। নতুন আধুনিক গানের এই মিউজিক ভিডিওর মাধ্যমে দীর্ঘদিন পর আবারো গানের মডেল হিসেবে ফিরলেন প্রসূন। ইমরান কবির হিমেলের নির্দেশনায় নির্মিত মিউজিক ভিডিও প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘জানালার গ্লাস শিরোনামের এ গানটি শ্রোতাদের ভালো লাগবে। আশা করি, অনেক সুন্দর একটি আধুনিক গান হয়েছে। গানের সঙ্গে মিল রেখে, একটু ভিন্নরূপে মিউজিক ভিডিওটি নির্মাণের চেষ্টা করা হয়েছে।’
এদিকে প্রসূন বলেন, ‘অনেক দিন পর কোনো মিউজিক ভিডিওতে কাজ করলাম। আর বাপ্পা মজুমদারের গান আমার অনেক পছন্দের। আশা করছি দর্শকরা আমাদের একটু নতুন ভাবে দেখতে পাবে এই মিউজিক ভিডিওর মধ্য দিয়ে।’
‘জানালার গ্লাস’ গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওতে একেবারেই রাবীন্দ্রীক সাজে হাজির হয়েছেন বাপ্পা মজুমদার ও প্রসূন আজাদ। সংসার জীবনের নানা মুহূর্তকে উপজিব্য করে গড়ে উঠেছে এর গল্প।

