বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পূর্ণিমা চলচ্চিত্র থেকে অনেকটা দূরেই সরে আছে বলা যায়। তবে মাঝেমধ্যে ছোটপর্দায় তার উপস্থিতি সকলেরই মনোযোগ আকর্ষণ করে। নাটক সিনেমায় অভিনয় করলেও, কখনও তাকে গান গাইতে শোনা যায়নি। সুযোগ পেলে তিনিও যে গুণগুন গেয়ে ওঠেন তার প্রমাণ পাওয়া গেলো গতকাল রাত। ফেসবুকে তেমনই একটি ভিডিও প্রকাশ করেছেন এই নায়িকা। তাতে তার কণ্ঠে শোনা গেলো লতা মঙ্গেশকরের গাওয়া ‘ম্যায় তেরা ইশক ম্যায়, মার না যাও কাহি’ গানটি।
১৯৭৩ সালে বলিউডে মুক্তি পায় হিন্দি চলচ্চিত্র ‘লোফার’। এতে ‘ম্যায় তেরা ইশক ম্যায়, মার না যাও কাহি’ গানটিতে কণ্ঠ দেন লতা মঙ্গেশকর। তখন গানটির সঙ্গে ঠোঁট মিলিয়ে পর্দায় পারফর্ম করেছিলেন ধর্মেন্দ্র ও মমতাজ। সম্প্রতি সেই গানটিই পূর্ণিমার কণ্ঠে শোভা পায়। তিনি জানান, এটি তার প্রিয় গানগুলোর একটি।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন পূর্ণিমা। অটিস্টিক শিশুদের নিয়ে এই ছবির নাম ‘বন্ধ দরজা’। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় শিগগিরই এ ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

