বিনোদন প্রতিবেদক : সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’। বিশ্বের গুরুত্বপূর্ণ এ চলচিত্র উৎসবটি আমেরিকার সিয়াটল শহরে শুরু হতে যাচ্ছে আগামী ১৯ মে।
জানা যায়, এবার দেড় লক্ষ দর্শকের উপস্থিতিতে ৭০ টি দেশের ৪০০’র উপর সিনেমা প্রদর্শিত হবে এ উৎসবে। উত্তর আমেরিকার সবচেয়ে বড় চলচিত্রের এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘মাটির প্রজার দেশে’ ছবিটি। উৎসবে অফিসিয়াল সিলেকশন হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘মাটির প্রজার দেশের’।
ছবিটি’র চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন বিজন, প্রযোজনা করেছেন আরিফুর রহমান। তাদের দুজনকে উৎসবে আমন্ত্রণ জানিয়েছে সিয়াটল।
এ চলচিত্রে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য, শেউলী আক্তার, চিন্ময়ী গুপ্তা, রোকেয়া প্রাচী, মনির আহমেদ সাকিল, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইকবাল হোসেন, রমিজ রাজু, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার, মাহফুজা বেগম রুমা, প্রশান্ত ত্রিপুরা।

