বিনোদন ডেস্ক : ২০০২ সালে মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সাড়া জাগানো ও ভারতীয় শীর্ষস্থানীয় রোমান্টিক সিনেমা ‘দেবদাস’-এ পার্বতী চরিত্রে অভিনয় করে তুমুল সাড়া ফেলে দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই। সেই খ্যাতি তার ক্যারিয়ারের সঙ্গে লেপ্টে আছে এখানো। তা বোঝা গেল সম্প্রতি একটি টিভি শো’য়ের অনুষ্ঠানে!
ছবি প্রমোশনে ব্যস্ত আছেন ঐশ্বরিয়া রাই। চলতি মাসেই মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত সিনেমা ‘সর্বজিৎ’। আর এই সিনেমার জন্যই সহ-অভিনেতা রনদীপ হুদাকে নিয়ে ছুটছেন এদিক-সেদিক। ৪ মে তিনি হাজির হয়েছিলেন ভারতের জনপ্রিয় টিভি শো ‘সারে গা মা পা’-তে। আর সে অনুষ্ঠানে নিজের ছবি প্রচার করতে গিয়েই ঐশ্বরিয়াকে ১৪ বছর আগের সিনেমা ‘দেবদাস’-এর তুমুল জনপ্রিয় গান ‘ডোলারে ডোলারে’ নেচে দেখাতে!
‘সারে গা মা পা’ অনুষ্ঠানে রনদীপকে নিয়ে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। মনোযোগ দিয়ে দেখছিলেন অনুষ্ঠানে পারফর্মারদের। কিন্তু একসময় ঐশ্বরিয়াকেও ডাকা হয় ‘সারে গামা পা’য়ের মঞ্চে। শুধু তাই না, তার কাছে আবদার করা হয় যাতে ‘দেবদাস’ সিনেমার ‘ডোলারে ডোলা’ গানটির সঙ্গে একটু নাচতে! চৌদ্দ বছর আগে ডোলারে’তে পারফর্ম করলেও ভুলেননি ঐশ্বরিয়া। গায়ে শাড়ি না থাকলেও লেহেঙ্গা পরেই তিনি সারে গামা পা’য়ের মঞ্চে নেচে উঠেন ‘ডোলারে ডোলা’ গানের তালে!
এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া। তার ছবি মানেই বক্স অফিসে সুপার হিট! কিন্তু অভিষেক বচ্চনকে বিয়ের পর হঠাৎ করেই সিনেমার জগতে তার আনাগোনা কমে যায়। আর একমাত্র মেয়ে আরাধ্যর জন্মের পরতো রীতিমত সিনেমার জগতটি তিনি ছেড়েই দিয়েছিলেন। কিন্তু গত বছরে সবাইকে চমকে দিয়ে সঞ্জয় গুপ্তার ‘জজবা’ নামের একটি ছবির মাধ্যমে ফের সিনেমায় ফিরেন ঐশ্বরিয়া। আর এবছর তিনি অভিনয় করলেন একাধিক সিনেমায়।
প্রসঙ্গত, মুক্তির প্রতীক্ষায় আছে অমুং কুমারের পরিচালনায় ‘সর্বজিৎ’ ছবিটি। সর্বজিৎ সিং নামের এক ভারতীয় যুবকের আত্মজীবনী ভিত্তিক সিনেমা এটি। ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে কারাবন্দী ভারতীয় নাগরিক, যিনি লাহোর ও মুলতানে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ছিলেন। ১৯৯০ সাল থেকে লাহোর কারাগারে বন্দি ছিলেন তিনি। এর আগে সর্বজিত সিংকে মুক্তি দিতে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক আহবান জানিয়েছিল নয়াদিল্লি। ৪৯ বছর বয়সী এই বন্দিকে ভারতে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা গ্রহণের সুবিধার্থে স্থানান্তরেরও আহবান জানিয়েছিল ভারত সরকার। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের জেলখানায় অস্বাভাবিক মৃত্যু হয় তার। তার বড় বোনের ঐতিহাসিক চরিত্রেই অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই।

