স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে ভারতের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয়ার পরামর্শ দিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে আইপিএল-এ কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চেলাঞ্জার্স বেঙ্গালুরু এবং বিগ ব্যাশের দল ব্রিজবেন হিটের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক কিউই স্পিনার।
টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র জানিয়েছে যে ভেট্টরিকে প্রধান কোচের দায়িত্ব দিতে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি পরামর্শ দিয়েছেন। তবে বিসিসিআই নিউজিল্যান্ডের এই তারকা সম্পর্কে কোনো চিন্তা-ভাবনা করেছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
২০১৬ সালে জুন থেকে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে ১৮টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ফলে এর আগেই যত দ্রুত সম্ভব কোচ নিয়োগ দিবে বিসিসিআই।
২০১৫ সালে আইসিসি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের হারের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভেট্টরি। এরপর একই বছরের এপ্রিলে ব্রিজবেন হিটের কোচের দায়িত্ব নেন ৩৭ বছর বয়সী কিউই তারকা।
২০১৪ সাল থেকেই তিনি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচের দায়িত্ব পালন করে আসছেন।

