প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধু বানাতে হবে ভেবে চিন্তে। না হয় আপনার অপরিচিত বন্ধুও জেনে যাবে আপনি কী করছেন! কোন স্ট্যাটাস, ছবি বা ভিডিওতে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন কিংবা নিজে পোস্ট করছেন সবকিছুই জানতে পারবে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তিটি।
ফেসবুকে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যেখানে বন্ধু তালিকায় থাকা কোনো ব্যবহারকারী চাইলে অন্য বন্ধুর অ্যাক্টিভিটিস দেখতে পারে। শুধু দেখা নয় ওই বন্ধুর লাইক দেয়া অন্য কারো ছবিও ডাউনলোড করতে পারবে সহজে। ফেসবুক সার্চ বারে photos/posts liked by (user name) টাইপ করে দেখে নিতে পারবে ফ্রেন্ড লিস্টে থাকা যে কোনো বন্ধু ফেসবুকে কী কী করেছে!
এর ফলে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে দাবি করছেন প্রযুক্তিবিদরা। ফেসবুকের সেটিংস অপশনেও বন্ধুরা যাতে অ্যাক্টিভিটিস দেখতে না পারে তা বন্ধ করার কোনো সিস্টেমও যুক্ত হয়নি। ফলে অনেক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও তৎপরতা জানতে পারবে ফেসবুক অ্যাকাউন্টে থাকা অন্য বন্ধুরা।
তাই বন্ধু বানাতে হবে বুঝে শুনে। হুট করে বন্ধু বানানোর অভ্যাসটা পরিবর্তন করার সময় এখনি।

