বিনোদন ডেস্ক : মা দিবসের জন্য মায়েদের আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হল একটি নাটক। নাটকের নাম, ‘তোমাকে ভালোবাসি মা’। নাটকটি লিখেছেন আপেল মাহমুদ আর পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকটিতে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, শাওন, নাবিলা ইসলাম, আফরোজা, শিশু শিল্পী রোহান সহ আরো অনেকে।
আসছে মা দিবসকে কেন্দ্র করে নির্মিত হওয়া এই নাটকটি নিয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘আমরা সাধারনত মা দিবসে মাকে নিয়ে নাটক দেখি কিন্তু এই গল্পটি পুরোটাই ভিন্ন। এখানে মাকে উহ্য রেখেই মায়ের গল্প দেখানো হয়েছে। বাস্তবিক জীবনেও তাই, আমরা সবসময় মায়ের সাথে না থাকলেও মায়ের ছায়া আমাদের মাথার উপর থাকে প্রতিটি মুহুর্ত।’
নাট্য নির্মাতা জয়ন্ত রোজারিও জানালেন এটি নাট্যকার আপেল মাহমুদের সাথে তার ১২তম কাজ। গত বড়দিনের বিশেষ নাটক হিসেবে এনটিভিতে প্রচার হয়েছিল ‘উপহার’ নাটকটি। বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
‘তোমাকে ভালোবাসি মা’ নাটকটিও এনটিভিতেই সম্প্রচার হবে। নির্মাতার আশা এটিও উপহারের মত জনপ্রিয় একটি কাজ হয়েছে। বাকিটা বোঝার জন্য অপেক্ষা করতে হবে আগামি মা দিবস পর্যন্ত।

