বিনোদন প্রতিবেদক : বিশেষ দিবসগুলোর নাটকে মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ’য়ের দেখা মিললেও ধারাবাহিকে বরাবরই অনুপস্থিত তিনি। চিত্রনাট্য থেকে নির্মাতা সবকিছু পছন্দ হলে তবেই ধারাবাহিকে কাজ করে থাকেন। তেমনই একটি ধারাবাহিক নাটক ‘মেগা সিটির ভেগাবন্ড’। বরজাহান হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ রানা।
সম্প্রতি রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘মেগা সিটির ভেগাবন্ড’ ধারাবাহিক নাটকের চিত্রধারণের কাজ। এতে একজন তারকার চরিত্রে অভিনয় করছেন মৌ। তার সঙ্গে রয়েছেন মাজনুন মিজান। এছাড়াও রয়েছেন আহমেদ রুবেল, ডলি জহুর, সাবেরী আলম প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে বরজাহান হোসেন বলেন, স্বপ্নপূরণের নেশায় বিভোর প্রতিটা মানুষ। আর যাদের স্বপ্ন পূরণ হয়ে যায় তারাই একেকজন সেলিব্রেটি! তেমনই একজন তারকার চরিত্রে এখানে অভিনয় করছেন মৌ।
শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হতে যাচ্ছে।

