বিনোদন ডেস্ক : চলতি বছরেই প্রথমবার হলিউডে পা রাখার সৌভাগ্য অর্জন করেছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত তারকা অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’-এর দ্য রিটার্ন অব জেন্ডার কেজ সিনেমায় অভিনয় করছেন তিনি। হলিউডের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি নতুন ছবির শুটিং এখনো শেষ হয়নি, আর এরমধ্যেই শোনা যাচ্ছে হলিউডের আরো একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাডুকোন। তাও হলিউড সুপারস্টার অভিনেতা টম ক্রুজের বিপরীতে!
ভারতের শীর্ষস্থানীয় স্পটবয়.কম, টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে যে, ভিন ডিজেলের পর ‘রাম লীলা’ খ্যাত বলিউড অভিনেত্রী এবার অভিনয় করতে পারেন হলিউড শীর্ষস্থানীয় অভিনেতা টম ক্রজের সঙ্গে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাজি ‘দ্য মাম্মি’ সিনেমার পরবর্তী সিক্যুয়ালে টম ক্রজের সঙ্গে অভিনয়ের জন্য নাকি এরইমধ্যে অডিশনও দিয়েছেন তিনি!
তবে অডিশনটা চুপেচাপে দিয়েছেন গত মাসেই। যদিও কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে এখনো কোনো বার্তা পাননি দীপিকা।
অন্যদিকে ক’দিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল যে, হলিউডের সুপারস্টার টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে অডিশন দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত তারকা অভিনেত্রী হুমা কুরাইশি।

