স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেয়ার পর দারুণ সাফল্য দেখিয়েছেন জিনেদিন জিদান। ক্লাবটির সম্মানজনক পদে থাকায় জিদানকে তার সাবেক সতীর্থরা প্রশংসায় ভাসাচ্ছেন। তাদের কাতারে যোগ দিলেন ব্রাজিলীয় ফুটবল তারকা রোনাল্ডো।
২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রোনাল্ডো ও জিদান একত্রে মাদ্রিদের হয়ে খেলেছেন। জুভেন্টাস থেকে ২০০১ সালে রিয়ালে যোগ দেন ফরাসি তারকা। তার এক বছর পর ইন্টার মিলান থেকে স্প্যানিশ ক্লাবে যোগ দেন সেন্টার ফরোয়ার্ড।
গত জানুয়ারিতে রাফায়েল বেনিতেজকে সরিয়ে দিয়ে জিদানকে সিনিয়র দলের দায়িত্ব দেয়া হয়। এর আগে রিয়াল মাদ্রিদ কাস্টিলার (ডিভিশন-বি টিম) দায়িত্ব পালন করেছিলেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই তারকা।
ফেব্রুয়ারিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে হারের ফলে জিদানের দল একটি ধাক্কা পায়। কিন্তু তারপর থেকে লা লিগায় এক ম্যাচেও হারের মুখ দেখেনি তার শিষ্যরা। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও জিতেছিল। এখন লিগ শিরোপা জয়ের দৌড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এতে ফাইনাল নিশ্চিত হয়ে যায় ১০ বারের চ্যাম্পিয়নরা। আগামী ২৮ মে মিলানের সান সিরোতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে তারা।
২০০৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যান রোনাল্ডো। কিন্তু তার সাবেক সতীর্থ অধীনে দলের সাফল্য দেখে অত্যন্ত আনন্দিত। কাডেনা কোপেকে তিনি বলেন, ‘ফাইনালে পৌঁছা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই অনেক খুশি। এটা জয় করা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিস্ময়কর যে জিদান কাজটি করছেন। তিনি এটা পাওয়ার যোগ্য। খেলোয়াড়দের তার উপর সম্মান আছে।’

