আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের হামলায় মার্কিন নেভি সিলের এক সদস্য নিহত হয়েছে। সৈন্যটি কুর্দি পেশমের্গা বাহিনীর পরামর্শদাতা ছিলেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে একথা জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টোন কার্টার জানিয়েছেন, ইরাকে কুর্দিস্তানের ইরবিলে শত্রুপক্ষের গুলিতে এক মার্কিন সেনা নিহত হয়েছে। জার্মানিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘ইরাক যুদ্ধে তার মৃত্যু হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত দঃখজনক ঘটনা।’ নিহত সৈন্যটির নাম চার্লি কিয়েটিং। বয়স ৩১ বছর। তার বাড়ি যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে।
এ সম্পর্কে কুর্দিস্থানের পেশমের্গা কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার সকালে ইরাকের আইএস নিয়ন্ত্রিত নগরী মসুলের উত্তর সীমান্তে জিহাদিদের চালান হামলায় ওই সেনা নিহত হয়। ২০১৪ সালে আইএস এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযান শুরু হওয়ার পর এ নিয়ে তিন মার্কিনী সেনা প্রাণ হারাল।
মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরাকি বাহিনীর আক্রমণে আইএস পিছু হটলেও জিহাদি গোষ্ঠীটি এখনো দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

