আন্তর্জাতিক ডেস্ক : ভারতের খরা আক্রান্ত মহারাষ্ট্র রাজ্যের লাতুর এলাকায় মঙ্গলবার দীর্ঘক্ষণ পানির লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মধ্যবয়সী এক নারী। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
মৃত ওই নারীর বাড়ি ওই রাজ্যের আতোলা গ্রামে। নাম কেবালবাই কাম্বলে। বয়স ৪৫। মঙ্গলবার দুপুরে তিনি গ্রামের এক কুয়া থেকে পানি সংগ্রহ করতে গিয়েছিলেন। তিনি সেখানে দীর্ঘ দু ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। লম্বা লাইন আর শেষই হচ্ছিল না। অপেক্ষায় থাকতে থাকতে এক পর্যায়ে মাটিতে ঢলে পড়েন কেবালবাই। স্থানীয়রা তাকে ধরাধরি করে লাতুরের সরকারি হাসপাতলে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
গত সপ্তাহে একইভাবে পানি আনতে গিয়ে মারা গিয়েছিল ১১ বছরের এই বালক। তার বাড়ি পশ্চিমবঙ্গের বেদ জেলায়। এর আগে কল থেকে পানি সংগ্রহ করতে গিয়ে মারা যায় ওই একই জেলায় ১২ বছরের এক মেয়ে। মেয়েটি কয়েক দিন ধরেই ডায়রিয়ায় ভুগছিল। এর ওপর ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সে পানি আনতে বেরিয়েছিল। ফলে প্রচণ্ড গরমে তার মৃত্যু হয়। চলতি বছর খর মৌসুমে দাবদাহে ভারতের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে দু শতাধিক মানুষ মারা গেছে।

