ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি কর্মচারীদেরও ছাঁটাই করছে বিন লাদেন গ্রুপ

Link Copied!

binladinআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপ তাদের শ্রমিক ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এবার তারা ওই কোম্পানির ১৭শ সৌদি কর্মচারীকে চাকরি  ছাড়ার নির্দেশ দিয়েছে বলে স্থানীয় সৌদি গেজেট পত্রিকাটি জানিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি তাদের ৫০ হাজারের বেশি বিদেশি শ্রমিককে চাকরিচ্যুত করেছিল। এর প্রতিবাদে মক্কায় বিন লাদেন কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে চাকরিচ্যুতরা। তারা কয়েকটি বাসেও আগুন দিয়েছিল।
মঙ্গলবার এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, বিন লাদেন গ্রুপ তাদের সৌদি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। তবে চাকরি ছাড়তে না চাইলে তাদের বেতনের জন্য আরো অপেক্ষা করতে হবে। কেননা এ মুহূর্তে বেতন-ভাতা দেয়ার মত সামর্থ্য নেই ওই প্রতিষ্ঠানের।
এদিকে ওই কোম্পানির ছাঁটাইকৃত বিদেশি শ্রমিকদের সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে ৭৭ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। বিন লাদেনের মোট কর্মী সংখ্যা ২ লাখ ১৭ হাজার। এদের মধ্যে মাত্র ১৭ হাজার সৌদি কর্মী। এরা সাধারণতঃ প্রশাসন, প্রকৌশলী ও পরিদর্শক হিসেবে কাজ করে থাকে। এসব সৌদি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাবদ ওই প্রতিষ্ঠানকে প্রতি মাসে ৪১৪ মিলিয়ন সৌদি রিয়াল ব্যয় করতে হয়। কিন্তু গত চার মাস ধরে তাদের বেতন বকেয়া পড়ে আছে।
কোম্পানির এক গোপন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে, সম্প্রতি এসব সৌদি কর্মচারীদের চাকরি ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে বিন লাদেন কর্তৃপক্ষ। তবে যারা কোম্পানির এ দুরবস্থার মধ্যেও থেকে যাবেন, তাদের নির্ধারিত বকেয়া বেতনের বাইরে অতিরিক্ত দু মাসের মাসোহারা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে এ মুহূর্তে তারা বেতন দিতে পারবে না। এই প্রতিশ্রুতি পাওয়ার পর ওই কোম্পানির স্থানীয় কর্মচারীরা নাকি আরো কিছুদিন ওই প্রতিষ্ঠানে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ওই সূত্রটি আরো জানিয়েছে, বিন লাদেন গ্রুপের শ্রমিক ও কর্মচারীদের মোট বকেয়া বেতনের পরিমাণ ৪.৮ বিলিয়ন সৌদি রয়েলের বেশি যা ২০১৭ সালের মধ্যে পরিশোধ করতে হবে। ২০১৮ সালে এ বাবদ তাদের অতিরিক্ত ৫৯৫ বিলিয়ন সৌদি মুদ্রা ব্যয় করতে হবে বলে ওই পত্রিকাটি জানিয়েছে।
এদিকে মক্কার শ্রম মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি তাদের যেসব বিদেশি শ্রমিককে ছাটাই করে তাদের ভিসা প্রক্রিয়া বাতিল করেছে, তারা সৌদি ছাড়ার আগেই ওই কোম্পানিকে তাদের যাবতীয় পাওনাদি পরিশোধ করতে হবে।
তবে সোমবার এক ইমেইল বার্তায় বিন লাদেন গ্রুপ জানিয়েছে, চাকরিচ্যুত বিদেশি শ্রমিকদের ‘পুরো বেতন ও যাবতীয় পাওনাদি’ পরিশোধ করা হয়েছে এবং কোম্পানির ব্যবসা মন্দার কারণেই তাদের ছাঁটাই করা হয়েছে। একে  ব্যবসা প্রতিষ্ঠানের ‘একটি স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছে বিন লাদেন গোষ্ঠী।