চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-দেহাইমি জানিয়েছেন, কাতার সরকার বাংলাদেশ থেকে সকল খাতে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি আমদানি করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।
শনিবার দুপুরে ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বোর্ড অব ডাইরেক্টর্স’র সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এ সময় রাষ্ট্রদূত আরো জানান নবনিযুক্ত হিসেবে তিনি নিজেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শনের মাধ্যমে সম্ভাবনাময় খাতসমূহ চিহ্নিত করছেন। এছাড়া কাতারে বাংলাদেশী শ্রমিকদের বিশেষ প্রাধান্য দিয়ে বেতন বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে দু’দেশের মাঝে অমীমাংসিত বিষয়সমূহ সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলেও তিনি জানান। রাষ্ট্রদূত বাংলাদেশের নেতৃস্থানীয় চেম্বারসমূহকে এদেশে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশমালা দূতাবাসে দাখিল করার আহবান জানান যা সরাসরি কাতার সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এ সময় চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এমএ. মোতালেব, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল) ও মো. আরিফ ইফতেখার উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে চিটাগাং চেম্বার শুধুমাত্র দেশের মধ্যেই নয় আন্তর্জাতিকভাবেও বিভিন্ন চেম্বারের সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে বলে জানান।
চেম্বার সভাপতি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য উপযুক্ত সময় ও পরিবেশ বিরাজমান।’ তাই বিশেষ করে চট্টগ্রামে নির্মিতব্য দু’টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি কাতারে প্রতিনিধিদল প্রেরণের আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি এদেশের ব্যবসায়ীদের সুবিধার্থে ভিসা জটিলতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ শিল্প খাতে কাতারের সহযোগিতা প্রত্যাশা করে পাট ও পাটজাত দ্রব্য, ঔষধ ও বস্ত্রসহ বিভিন্ন পণ্যের আমদানি বৃদ্ধি এবং কাতারে আরো বেশী মানবসম্পদ নিয়োগের আহ্বান জানান।

