বিনোদন প্রতিবেদক : ইউরোপের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন সংগীতশিল্পী আরফিন রুমি। এই সফরে তিনি ইউরোপের জার্মানী বেলজিয়াম ও সুইডেনে চারটি পৃথক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। মূলত প্রবাসীদের আমন্ত্রণেই তার এ সফর। ইউরোপ সফর শেষে আগামী ২ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
এ বিষয়ে আরফিন রুমি বলেন, ‘দেশের বাইরে অনুষ্ঠান করার প্রচুর প্রস্তাব আসে। কিন্তু সময়ের অভাবে বেশির ভাগ করা হয় না। তবে সম্প্রতি অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশের পর হাতের কাজ কমিয়ে এনেছি। তাই প্রবাসীদের আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি।’
আরফিন রুমি তার ১৩ দিনের ইউরোপ সফরে গিয়ে শুধু প্রেবাসী শ্রোতাদের মাতিয়ে রাখবেন না, পাশাপাশি অবসর সময়ে সেখানে নতুন গানের কাজ করবেন।
উল্লেখ্য, এবারের ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে আরফিন রুমির একক অ্যালবাম ‘তোমারই নামে’। পহেলা বৈশাখে এ অ্যালবাম থেকে ‘তুমি ছাড়া’ শীর্ষক একটি গান প্রকাশ হয়েছে। পাশাপাশি পড়শীর সঙ্গে জাহিদ আকবরের লিখা ‘বুকের ভিতর’ শীর্ষক একটি নতুন গানও প্রকাশ হয়েছে। এছাড়াও রুমির ‘পরান পাখি’ এবং সাদ শাহর সুরে ‘তুমিহীনা’ শীর্ষক দুটি গানের ভিডিও প্রকাশ হয়েছে।

