বিনোদন ডেস্ক : পশ্চিমা বিশ্বে ইসলামভীতি দিন দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর অবস্থার দিকে যাচ্ছে। প্রতিনিয়ত ইউরোপ-আমেরিকায় বাড়ছে ইসলাম বিদ্বেষ। অথচ সেই সময়ে ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা আর মুগ্ধতা দেখিয়ে বেশ কয়েকবার বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছেন তুমুল জনপ্রিয় হলিউড অভিনেত্রী ও শিল্পী লিন্ডসে লোহান! ফের ‘ইসলাম’ বিষয়ক মন্তব্য করে আলোচনায় লিন্ডসে।
বেশ ক’মাস ধরেই বিশ্ব সংবাদ মাধ্যমে গুজব রটেছিল যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হারবি ফুলি লোডেড, জাস্ট মাই লাক, জর্জিয়া রুল, ববি, ফ্রিকি ফ্রাইডে-এর মতো জনপ্রিয় সিনেমার অভিনেত্রী লিন্ডসে লোহান। হঠাৎ তার চলন বলনে বৈপ্লবিক পরিবর্তন দেখে তার কাছের মানুষরাও এমনটাই বিশ্বাস করতে চলেছিলেন। কিন্তু তিনি কখনোই কোথাও কাউকে বলেননি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সম্প্রতি ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের ইংরেজি অনুবাদ নিয়ে তাকে ঘুরতে দেখা যায়। তার কোলে জড়িয়ে রাখা কোরআন নিয়ে সম্প্রতি তোলপাড়ও হয়। আর এবার নিজের ইসলাম গ্রহণ ও কোরান প্রীতি নিয়ে সরাসরি মুখ খুললেন লিন্ডসে।
সম্প্রতি সান ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে বর্তমানে তার লাইফস্টাইল নিয়ে কথা বলার এক পর্যায়ে সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহণ ও কোরআনপ্রীতি নিয়েও কথা বলেন। সেখানে লিন্ডসে বলেন, ইসলাম সম্পর্কে জানার কৌতূহল ছিল। সেই কৌতূহলের জন্যই কোরআন পড়ার চেষ্টা করছি। কিন্তু ধর্মগ্রন্থটি এখনো পুরোটা পড়ে শেষ করতে পারেননি বলেও জানান লিন্ডসে।
তবে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো কোরআন পড়ে শেষ করতে পরিনি। ধর্মান্তরিত হওয়ার বিষয়টি বিবেচনায় আছে।
ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করা ২৮ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহান মূলত গত বছরে কমিউনিটি সার্ভিসে কোরআনের ইংরেজি অনুবাদ নিয়ে হাজির হলে ‘ইসলাম ধর্ম’ গ্রহণ করেছেন বলে গুজব ওঠে। এছাড়া সোশাল সাইটেও কোরআনের আয়াত শেয়ার দিয়ে আলোচনায় এসেছিলেন। যদিও পরে তা মুছে ফেলেছিলেন।কিন্তু এর আগে একইভাবে তিনি ইহুদি ও বৌদ্ধ ধর্মের প্রতিও কৌতূহল দেখিয়েছেন। তবে কোনো নতুন ধর্ম গ্রহণ না করলেও তার ছোট বোন অ্যালি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

