স্পোর্টস ডেস্ক : দারুণ খেলেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। শনিবার রাতে আর্জেন্টাইন এই তারকার নৈপূণ্যে লিলেকে ২-১ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। আর তাতে ফেঞ্চ লিগ কাপের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি।
এস্তাদিও দে ফ্রান্সে ফেঞ্চ লিগ কাপের ফাইনালে দুই দলের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। ফেবারিটের তকমা নিয়ে মাঠে নেমেও পিএসজিকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। এ সময়ে লিলের জাল কাঁপান আর্জেন্টিনার তারকা ফুটবলার হাভিয়ের পাস্তেরো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে এসে অনেকটা এলোমেলো খেলতে থাকে পিএসজি। খেসারতও দিয়েছে। ম্যাচের ৪৯ মিনিটে একটি গোল হজম করে তারা। এ সময়ে পিএসজির গোলবারে বল প্রবেশ করান লিলের খেলোয়াড় সিদিবে (১-১)।
ম্যাচে তখন টানটান উত্তেজনা। আক্রমণ-পাল্টা আক্রমণের মহড়া বসেছিল। এতে সফলতার মুখ দেখেন ডি মারিয়া। খেলার ৭৪ মিনিটে লিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে উল্লাসে মেতে ওঠেন তিনি। ম্যাচ শেষে যা রূপ নেয় শিরোপা জয়ের উল্লাসে।

