স্পোর্টস ডেস্ক : প্রথম ওভার মেডেন। এরমধ্যে একটি রান আউট। দ্বিতীয় ওভারে এক উইকেটসহ দিলেন দুই রান। তৃতীয় ওভারে দিলেন মাত্র দুই রান। শেষ ওভারে ৬ রান দিলেও বগলদাবা করলেন এক উইকেট। সব মিলিয়ে বোলিং ফিগারটা দাঁড়ালো ৪-১-৯-২, সত্যিই অসাধারণ, মনমুগ্ধকর। বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজের এমন অসাধারণ বোলিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে পরাজিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অনুমিতভাবে আইপিএলে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন মুস্তাফিজুর রহমান।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব করে ৬ উইকেটে ১৪৩ রান। জবাবে ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে হায়দরাবাদ। অনেকে ভেবেছিলেন ম্যাচ সেরা হয়তো হবে অধিনায়ক ওয়ার্নার। কারণ তিনি খেলেছেন ৩১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস। যার মধ্যে ছিল সাতটি চার ও তিনটি ছ্ক্কার মার।
কিন্তু না, নয়নকাড়া বোলিংয়ের কারণেই ম্যাচ সেরা পুরস্কার পান মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৯ রানে দুটি উইকেট। চলতি আইপিএলে এটাই সবচেয়ে সেরা ইকোনমি বোলিং।
সবচেয়ে মজার ব্যাপার টি২০ ক্রিকেটে চার ওভারে মুস্তাফিজ একটি চার ও ছক্কাও হজম করেনি। ওভার প্রতি রান দিয়েছেন ২.২৫, সত্যিই বিস্ময়জাগানিয়া। সেখানে সানরাইজার্সের অন্যান্য বোলাররা রান দিয়েছেন হাতেম তাঈয়ের মতো। চার ওভারে ৩৭ রানে ভুবনেশ্বর পেয়েছেন এক উইকেট। চার ওভারে ৩৩ রান দিয়ে হেনরিকস পেয়েছেন দুটি উইকেট। আর স্রান ৩৩ ও হুদা ৩০ রান দিয়েও পাননি উইকেটের দেখা।

