বিনোদন প্রতিবেদক : নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মালেক আফসারি। আগামী ১০ মে থেকে ‘রক্ত’ নামের এ চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মালেক আফসারি।
এ প্রসঙ্গে মালেক আফসারি বলেন, অনেক সুন্দর একটি গল্প। এই প্রথম থ্রিলার সাসপেন্স সিনেমা বানাচ্ছি’।
তবে, চলচ্চিত্রটির শ্রেষ্ঠাংশে কারা তা নিয়ে মুখ খোলেন নি নির্মাতা। তবে নতুন মুখ নিয়েই হাজির হবেন বলে জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি মহরতের আয়োজন করার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। সেখানেই পরিচয় করানো হবে নতুনদের।
জানা যায়, বাংলাদেশ, ভারত এবং থাইল্যান্ডে সিনেমাটির শুটিং সম্পন্ন হবে। সিনেমাটির কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহীর বাবু এবং পেলে ভট্টাচার্য। সিনেমার সংগীত পরিচালনা করবেন আকাশ এবং স্যাভি। আর বিশেষ দৃশ্য পরিচালনা করবেন থাইল্যান্ডের ফাইট ডিরেক্টর জাইক্যা এবং চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর রাজেশ।

