আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান বিশ্বের অন্যতম আতঙ্কের নাম ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি তাদের বর্বরতার জন্য কুখ্যাত। নারীদেরকে তারা যৌন দাসী করে রাখতে চায়। এবার যৌন দাসী হতে না চাওয়ায় উত্তর ইরাকের ২৫০ নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কুর্দিশ গণতান্ত্রিক দলের মুখপাত্র মামুজিনি এ বিষয়ে বলেন,‘আইএস এখন মশুল শহরে নারী সংগ্রহ শুরু করছে। তাদেরকে জোর করে বিয়ের নামে যৌনদাসী করার প্রস্তাব দেয়া হচ্ছে। যারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করছে তাদেরকেই ওরা হত্যা করছে। ইতিমধ্যে এই গোষ্ঠি কমপক্ষে ২৫০ জন নারীকে প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যা করেছে।
কুর্দিশ দেশপ্রেমিক ইউনিয়নের কর্মকর্তা গায়েস সার্চি বলেন, ‘প্রতিনিয়ত এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এখানে নারীদের পছন্দ অপছন্দের বিষয়টি উপেক্ষিত থাকছে। শহরটিতে নারীদের একা বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ছে।’
উল্লেখ্য, ২০১৪ সালের জুনে ইরাকের দ্বিতীয় বৃহত্তম ওই শহর আইএস জঙ্গিদের দখলে চলে যায়। ২০১৪ থেকে এই পর্যন্ত প্রায় ৫০০ ইয়াজিদি নারী জঙ্গিদের দ্বারা অপহরণের শিকার হয়।

