স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলের নামের পাশে আরেকটি তথ্য যোগ হলো। কী সেই তথ্য? ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান এখন মেয়ের বাবা। তার বান্ধবী নাতাশা বেরিজ প্রথমবারের মতো কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ঢাক-ঢোল পিটিয়ে জানানোর প্রয়োজন হয়নি। ‘কুচো খুঁড়তে গিয়ে সাপ’ বেরিয়ে এসেছে। আইপিএলের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন। কারণটা কী? জবাব না দিয়ে পারলেন না গেইল। জানালেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই দেশের উদ্দেশে বিমান ধরা।
মেয়ের বাবা হলেন গেইল। এ নিয়ে একধাপ তামাশাও করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ সরফরাজ খানকে বলেছিলেন, পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। কিন্তু না, তথ্য পরিবর্তন হয়ে গেছে! টুইটারে গেইল খবর দেন এভাবে ‘আমি আর নাতাশা নিজেদের সুন্দর মেয়ে ব্লাশকে স্বাগত জানাতে চাই।’
মেয়ের নাম রেখেছেন ‘ব্লাশ’! এতো এক বিতর্কিত শব্দ, গেইলের জীবনে। বিগ ব্যাশে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার টেন নেটওয়ার্কের রিপোর্টার মেলানি ম্যাকলাফলিনকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন গেইল। এতে লজ্জায় লাল হয়ে গিয়েছিল ওই রিপোর্টারের চেহারা। তখন গেইল বলেছিলেন, ‘ডোন্ট ব্লাশ, বেবি’। সদ্যোজাত মেয়ের নাম ‘ব্লাশ’ রেখে আরেকটি চমক উপহার দিলেন গেইল।
এদিকে গেইল বাবা হওয়ায় স্বভাবতই আঙ্কেল হয়েছেন বিরাট কোহলি। এর জন্য গর্বিত বেঙ্গালুরুর অধিনায়ক টুইটারে পোস্ট করেন, ‘অনেক শুভেচ্ছা গেইল আর নাতাশাকে। অ্যাঞ্জেল ব্লাশের আঙ্কেল হতে পেরে আমি গর্বিত।’

