কক্সবাজার প্রতিনিধি : সার্ফার নামের সাগরযোদ্ধাদের কল্যাণে এবং সার্ফিংকে আরো জনপ্রিয় করতে তথ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহম্পতিবার দুপুরে কক্সবাজারে ২য় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সার্ফিং একটি বড় অ্যাডভেঞ্চার। পরিবেশ বান্ধব জলক্রীড়া সার্ফিং দেশের পর্যটন উন্নয়নে ভূমিকা রাখছে।’
সমুদ্র সৈকতে লাবনী পয়েন্টে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ ইলিয়াছ এমপি, খোরশেদ আরা হক এমপি, কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, সার্ফিং দ্য নেশনের প্রেসিডেন্ট টম বাউয়ার, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘খেলাধুলা কুসংস্কার দূর করে, চিত্তকে প্রসারিত করে মুক্ত সমাজ নির্মাণে সহায়তা করে, তাই বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে।’
পরে তথ্যমন্ত্রী বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত তিনদিনের টুর্নামেন্টে ১০ জন মেয়েসহ ৯০ জন সার্ফার অংশ নিচ্ছেন।

