স্পোর্টস ডেস্ক : চলতি বছরে দিবা-রাত্রির টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে স্বাগত জানাবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে গোলাপি রংয়ের বল দিয়ে এই ম্যাচ খেলা হবে।
অনুরাগ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এ বছর নিউজিল্যান্ডের বিপক্ষে গোলাপি রংয়ের বল দিয়ে একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলব। সেই ম্যাচের আগে দুলিপ ট্রফিতে পরীক্ষামূলকভাবে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের মহড়া দেয়া হবে।’
গত বছরের নভেম্বরে অ্যাডিলেড টেস্টে প্রথমবারের মতো গোলাপি রংয়ের বল দিয়ে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। বলটি ৮০ ওভার পর্যন্ত টিকবে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সাধারণ মাঠের চেয়ে বেশি ঘাস আচ্ছাদিত মাঠে খেলা হয়েছিল। তারপরও বলের স্থায়ীত্ব ও দৃশ্যমান হওয়া নিয়ে এখনও উদ্বিগ্নতা কাটেনি।
২০১৬-১৭ সালে অস্ট্রেলিয়া সফরে দিবা-রাত্রির টেস্ট খেলার বিষয় নিজেদের অনিচ্ছার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ভারতও এখন পর্যন্ত গোলাপি বল দিয়ে টেস্ট ম্যাচ খেলেনি।

