বিনোদন ডেস্ক : জানুয়ারী মাস কনকনে ঠাণ্ডা। ভোর বেলা পুরো শুটিং টিম উপস্থিত গাজীপুর ন্যাশনাল পার্কে। দৃশ্যটা নৌকায়। চরিত্রে দু’জন প্রেমিক প্রেমিকা। একজন বড়শিতে মাছ ধরবেন। অন্যজন পড়বেন বই। কিন্তু মাছ ধরতে গিয়েই বিপত্তি। নিশ্চয়ই চেনা চেনা লাগছে দৃশ্যটা? হ্যাঁ বলছি নতুন ফজলি জুসের বিজ্ঞাপনের পেছনের গল্প। তানজিন তিশা ও মিশু সাব্বির অভিনীত সম্প্রতি প্রচারে আসা বিজ্ঞাপনটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাই পেছন ফিরে দেখা।
এই কনকনে শীতের ভোরে তিশাকে ঝাঁপ দিতে হবে পুকুরে। তাও সাঁতার জানে না বালিকা। নির্মাতা শাকিব ফাহাদের মুখ থেকেই শোনা গল্পটা। ‘তিশা সাঁতার জানতেন না। আমরা পানির নিচে একজন ডুবুরি রেখে দিয়েছিলাম। কিন্তু তার চেয়েও প্রবলেম হয়ে গেলো ঠাণ্ডা। তিশাকে কিছুতেই রাজি করানো যাচ্ছিলো না। অবশেষে রাজি হলেন যখন তখন আবার সব ঠিক ঠাক। পরপর দু’বার পানিতে ঝাঁপ দিলেন’।
তিশা বললেন, ‘এত ঠাণ্ডা ছিলো, সোয়েটার পরেও শীত কাটানো যাচ্ছিলো না। তখন আমি চ্যালেঞ্জ আকারে নিলাম। সাঁতার জানিনা। তার উপর ডিরেক্টর বললেন, চিৎ হয়ে ঝাঁপ দিতে হবে। পরে অবশ্য থার্ড টাইমে সম্ভব হলো। আমি নিজেও খুব স্যাটিসফায়েড সিনটা নিয়ে।’
পরের দৃশ্যে দেখা গেলো লাইব্রেরীর ভেতর। এ দৃশ্যটি ধারণ করা হলো কোক স্টুডিওতে। লাইব্রেরী বানানো হলো। বই দিয়ে আঁকা হলো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কেন? আকাশ ফাহাদ বললেন, আমাদের সাহিত্য মানেই তো রবীন্দ্রনাথ। তাই আমরা তাকে স্মরণ করতে চেয়েছি’।
মিষ্টি প্রেমের দৃশ্যগুলো যিনি এঁকেছেন তিনি কাশতান হাবিব। পেছনে যে গানটা গেয়েছেন পান্থ কানাই, তার কথাও লিখেছেন কাশতান। তার স্ক্রিপ্টেই নির্মাণ হয়েছে বিজ্ঞাপনটি। নির্মাতা বললেন, ‘এশিয়াটিক টকিং পয়েন্টস থেকে যখন স্ক্রিপ্টটা দেয়া হলো তখন আমরা তার সঙ্গে বসে আরও কিছু ইমপ্রোভাইজ করে পরে নির্মাণে এসেছি’।
পরের দৃশ্যেটা লিফট ও কুকুরের। সাজানো হয়েছে কোক স্টুডিওতেই। সেখানেও মজার ঘটনা। কুকুর ডাকতে হবে কিছুতেই কুকুর ডাকছে না। আর লাফ দিয়ে বউয়ের কোলে উঠে যাবে এমন দৃশ্যটাও কিছুতেই করতে পারছিলেন না অভিনেতা। পরে অবশ্য সম্ভব হলো শেষ পর্যন্ত। কিন্তু ক্ষমা পেলেন না মিশু সাব্বির।প্রেমিকাকে পানিতে ফেলে দেয়ার অনুশুচনায় জ্বলতে থাকলেন তিনি।
মিশু সাব্বিরের শটগুলো এক দুই টেকেই ওকে হয়ে যাচ্ছিলো। এটা নিয়ে ডিরেক্টরকে বললেন মিশু, ‘কেন এত কম শট নেয়া হচ্ছে’? ডিরেক্টর বললেন, ‘ভাই, আপনার এক দু’টেকেই হয়ে যাচ্ছে। কি করবো বলেন’। মিশু সাব্বিরের খুব প্রশংসা করলেন শাকিব ফাহাদ।
শেষ দৃশ্যে জেট বিমান নিয়ে হাজির হলেন মিশু সাব্বির। তাতেও লেখা ‘আই এম সরি’। কিন্তু তিশা গলে গেলেন ফজলি জুস পেয়ে। ফজলির পাগল প্রেমিক তখন জাদু দিয়ে উড়িয়ে দিলেন তিশাকে।
কি ভয়ংকর দৃশ্য! তিশা বললেন, ‘এই দৃশ্যটা আলাদা করে নেয়া হয়েছিলো কোক স্টুডিওতে। ভেতরে জ্যাকেট পরিয়ে বেঁধে তারপর ক্রেন দিয়ে আকাশে ওড়ানো হলো। এরকম দৃশ্যে খুব পেইন হয় শরীরে। অনন্ত জলিলও নাকি সহজে নিতে পারেননি এই সিনগুলো। আমার শরীর অসুস্থ ছিলো। তবু করেছি। পাখি কিন্তু একটু ফাঁকি দেয়নি-বলেই হাসলেন তিশা।
যোগ করলেন, ‘কাজটা করে এখন ভালো লাগছে। প্রচারের পরপরই প্রচুর সাড়া পাচ্ছি। আমি আসলে এমন কাজই করতে চাই। বিগ বাজেটের, সাড়া ফেলবে এমন বিজ্ঞাপন ছাড়া করতে চাইনা’।
পান্থ কানাইয়ের কণ্ঠে গাওয়া ‘আমার সাথে কইরো না চালাকি, ও পাখি’ শিরোনামের জিঙ্গেলটি কম্পোজ করেছেন আরাফাত মহসিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এজেন্সেই মূলত লিরিকটি আমাকে দেয়। শুটিং শেষে তাতে কিছু পরিকবর্তন করে সংযোজন করি।’
তিনি আরো বলেন, ‘বিজ্ঞাপনটির নির্মাতা শাকিব ফাহাদ আমার পূর্ব পরিচিত হওয়ার কারণে, তার সঙ্গে বসেই ঠিক করি কে জিঙ্গেলটি গাইবে। এতে প্রথমেই পান্থ কানাইয়ের নাম আসে। আর অমনি তার কণ্ঠ দেয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়।’
পান্থ কানাই বললেন, বিজ্ঞাপনের জিঙ্গেল নিয়েতো অতো ভাবিনা। তবে কাজটি করে ভালো লেগেছে’।
বিজ্ঞাপনটির দৃশ ধারণ করেছেন কামরুল হাসান খসরু। কালার গ্রেডিং হয়েছে ইন্ডিয়ায়। আর নির্মাতা শাকিব ফাহাদ কাজ করছেন রান আউট ফিল্মস এ। আদনান আল রাজীবের সঙ্গে পাঁচ বছর কাজ করার পর নিজেই নির্মাণে এসেছেন সম্প্রতি।

