আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম কোনো ব্রিটিশ ডাকটিকিটের ছবিতে স্থান পেল দেশটির রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকার প্রিন্স জর্জ। বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ করা হয় ওই ডাকটিকিট। তবে ছবিটি তোলা হয়েছে অত্যন্ত গোপনে।
তবে দুই বছরের জর্জ লম্বায় অনেক ছোট হওয়ায় ছবিটি তোলার সময় তাকে উঁচু ফোমের উপর দাঁড়াতে হয়েছে। ছবিটির আলোকচিত্রী জানান, জর্জের মা-বাবা তাকে যতটা দুষ্টু বলে আসলে সে ততটাই শান্ত। এর আগে ভারত সফরের সময় জর্জকে কেন আনা হয়নি- ভারতীয়দের এমন প্রশ্নের জবাবে তার মা কেট জানিয়েছিলেন, জর্জ খুব দুষ্টু।
রানাল্ড ম্যাকেচনি নামের ওই আলোকচিত্রী বলেন, ‘ছবিতে যেমনটি দেখা যাচ্ছে সে ততটাই অসাধারণ। ছবিটি তোলার সময় সে খুবই শান্ত ছিল। কোনো বিরক্ত করেনি। আমি প্রায় ৮০ থেকে ১০০’র মতো ছবি নিয়েছি। তার মধ্যে এটাই ছিল সবচেয়ে সুন্দর।’
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ জুলাই ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটনের ঘরে জন্ম নেন প্রিন্স জর্জ। তার উপাধি ‘দ্য প্রিন্স জর্জ অব ক্যামব্রিজ’। প্রিন্স জর্জ হচ্ছেন প্রথম ব্যক্তি, যিনি জন্মের পূর্বেই উইকিপিডিয়ায় স্থান পেয়েছেন।

