বিনোদন ডেস্ক : গত সেপ্টেম্বরে আসন্ন সিনেমা ‘মেনা’র শুটিংয়ে অল্পের জন্য প্লেন দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন হলিউডের সুপারস্টার অভিনেতা টম ক্রুজ। তবে তিনি অল্পের জন্য বাঁচলেও ওই দুর্ঘটনায় মারা পড়েছিলেন দুই আমেরিকান পাইলট। এমন দুর্ঘটনার প্রায় সাত মাস পর নিহত পাইলটের স্ত্রী সন্তানেরা মামলা করলেন টমক্রুজের সেই ‘মেনা’ সিনেমার প্রযোজকের বিরুদ্ধে।
গত সেপ্টেম্বরে টম ক্রুজের আসন্ন ছবি ‘মেনা’র শ্যুটিংয়ের জন্য কলম্বিয়ায় সেট ফেলেছিলেন ছবিটির নির্মাতা ডাফ লিমন। ছবিটি লস অ্যাঞ্জেলস ভিত্তিক এক পাইলটের কাহিনীকে অবলম্বন করে নির্মিত হতে যাচ্ছে। আর কলম্বিয়াতে শুটিং চলাকালে সেসময় একটি বিমান দুর্ঘটনা ঘটে শুটিং স্পটে। সাথে সাথেই দুইজন পাইলট প্রাণ হারান, এবং একজন গুরুতরভাবে আহত হয়ে কলম্বিয়ার হাসপাতালে ভর্তি আছেন। সৌভাগ্যবশত দুর্ঘটনার কোনো আঁচ পড়েনি টম ক্রুজের উপর, কারণ তিনি প্রশিক্ষিত পাইলট। কিন্তু প্রায় সাত মাস পরে এসে খামখেয়ালিপনার জন্য কলম্বিয়ায় দুই পাইলট মারা গেছে দাবি করে ‘মেনা’র প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন নিহত পাইলটের স্ত্রী সন্তানেরা!
কলম্বিয়াতে নিহত পাইলট অ্যালান পুরিনের বিধবা স্ত্রী ক্যাথরিন পুরিন ‘মেনা’র প্রযোজকের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছেন। তার স্ত্রীর দাবি, কলম্বিয়ায় যে জায়গাটায় শুটিং করা হয়েছে তা মোটেও কোনো পাইলটের জন্য অনুকুল পরিবেশ ছিল না। এমনিতেই পাহাড়ি অঞ্চল হওয়ায় ওই জায়গাটা ছিল অসমতল। এটা সবাই জানত, কিন্তু তারপরও এই বিপদসঙ্কুল পরিবেশে জেনেশুনেই বিমানের শুট নেয়া হয়েছে বলেই এমন দুর্ঘটনা ঘটেছে। যে দুর্ঘটনায় তার স্বামী অ্যালান পুরিনসহ মারা যায় আরেক পাইলট কার্লোস বার্ল।
প্রসঙ্গত টম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ডমনেল গ্লেসন এবং লোলা কার্কির মত তারকারা। টম ক্রুজ অভিনীত ডাফ লিমনের ছবিটি ২০১৭ সালে ৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

