স্পোর্টস ডেস্ক : চমকে দেয়ার মতোই তথ্য। যাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমী আইসিসির বিরুদ্ধে ছিল সোচ্চার, কিন্তু সেই তাসকিনই ভাবছেন তিনি অবিচারের শিকার নন। বরং আইসিসির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের এই ডানহাতি পেসার।
ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন তাসকিন আহমেদ। তার সঙ্গে নিষিদ্ধ হন বাংলাদেশের আরেক স্পিনার আরাফাত সানি। সানির নিষেধাজ্ঞা নিয়ে কথা না উঠলেও তাসকিন ইস্যুতে সরগরম ছিল মিডিয়া। বলা হচ্ছিল, তাসকিন অবিচারের শিকার। এমন কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।
তবে এই মুহূর্তে তাসকিন মনে করছেন, ‘আমার মনে হয় না আইসিসি ভুল কিছু করেছে । তারা আমার প্রতি কোনো অবিচারও করেনি। মাঠে খালি চোখে অফিসিয়ালদের আমার বল সন্দেহজনক মনে হয়েছে । এজন্য তারা আমার বিপক্ষে রিপোর্ট করে এবং পরীক্ষাগারে সকল ধরণের আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পরীক্ষাগারে আমি মোট ৪২ টি বল করেছিলাম । এর মধ্যে ৯ টি বাউন্সার ছিল যার ৩ টি ছিল অবৈধ । এর জন্যই আমাকে নিষিদ্ধ করা হয়েছে।’
নিষিদ্ধ হওয়ার পর তাসকিন ঘুড়ে এসেছেন শ্রীলঙ্কা ও মালদ্বীপে। আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে না পারলেও ঘরোয়া ক্রিকেট তিনি খেলতে পারবেন। এবার তিনি খেলবেন ঢাকা আবাহনীর হয়ে। যেখানে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।

